শিশু অধিকার, শিক্ষা এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার কিশোর সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। শিশুদের ‘নোবেল’ খ্যাত এই পুরস্কারের মনোনয়নে জায়গা করে নেওয়া ১৫ বছর বয়সী এই তরুণ ইতোমধ্যেই দেশের উপকূলীয় এলাকায় শিশু সুরক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
সুদীপ্ত সদ্য সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।
নেদারল্যান্ডস ভিত্তিক শিশু অধিকার বিষয়ক সংগঠন কিডসরাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শিশু অধিকারকর্মীদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।
গত তিন বছর ধরে সুদীপ্ত কাজ করে যাচ্ছে বাল্যবিয়ে, শিশুশ্রম এবং শিক্ষা বঞ্চনার মতো সমস্যাগুলোর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, ওয়েবিনার এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক বার্তা। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে উপকূলীয় এলাকাগুলোর বহু পরিবারকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করেছেন।
সুদীপ্ত বলেন,
“এই মনোনয়ন আমাকে যেমন অনুপ্রাণিত করেছে, তেমনি ভবিষ্যতে আরও বড় পরিসরে শিশুদের কল্যাণে কাজ করতে উৎসাহ জুগিয়েছে। শিশুদের অধিকার নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
সুদীপ্তের এই অর্জনে স্থানীয়ভাবে গর্বের আবহ বিরাজ করছে। শিক্ষকদের মতে, তার কর্মকাণ্ড শুধু শিশুদের জন্য নয়, সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

