ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তির পরপরই গাজা উপত্যকার পুনর্গঠন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজার জন্য তাৎক্ষণিক ৩৪ মিলিয়ন ডলার (২৯ মিলিয়ন ইউরো) মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে জার্মানি কেবল মানবিক সহায়তাই দিচ্ছে না, বরং আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকেও শক্তিশালী করছে।
চ্যান্সেলর মের্জ এক্স-এ এক পোস্টে নিশ্চিত করেন, “আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি।” তিনি আরও জানান যে, এই সহায়তা কেবল শুরু মাত্র। গাজার দীর্ঘমেয়াদী পুনর্গঠনের জন্য মিশরের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে জার্মানি।
এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, মের্জ স্পষ্ট করে বলেছেন যে তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি এবং ট্রাম্পের মধ্যস্থতার পর জার্মানির এই বিপুল আর্থিক সহায়তা ও কূটনৈতিক উদ্যোগ গাজা সংকট নিরসনে ইউরোপীয় শক্তির জোরালো সমর্থন হিসেবে কাজ করবে।

