বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাবা-মাকে হত্যার পর ঘরেই পুঁতে রাখলেন ছেলে

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের ত্রিশালে এক ভয়াবহ ঘটনায় অনলাইন জুয়ায় আসক্ত এক যুবক তার বাবা-মাকে হত্যার পর তাদের মরদেহ বসতঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। এই নৃশংসতার অভিযোগে মো. রাজুকে (২৬) বৃহস্পতিবার (৯ অক্টোবর) আটক করেছে পুলিশ। নিহতরা হলেন বৈশ্য বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী (কৃষক ও মাছ ব্যবসায়ী) ও তার স্ত্রী রানোয়ারা বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু বুধবার দিনের বেলা মা রানোয়ারা বেগমকে গলাটিপে এবং গভীর রাতে বাবা মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর ঠান্ডা মাথায় দু’জনের মরদেহ বসতঘরের মাটিতে পুঁতে রেখে পরদিন সকালে নিজেই বাবা-মা নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে বোনদের খবর দেন।

রাজু নিখোঁজ হওয়ার খবর দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর অনুসন্ধানে শোবার ঘরের মাটিতে গর্ত দেখে সন্দেহ সৃষ্টি হয়। এরপর এলাকাবাসী রাজুকে আটক করে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই রাজু বাবা-মা হত্যার কথা স্বীকার করে এবং পুঁতে রাখা স্থানটি দেখিয়ে দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত রাজুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন