বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের সাফল্য

ডেস্ক রিপোর্ট।।

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী হাফেজ আনাস বিন আতিক গৌরবোজ্জ্বল তৃতীয় স্থান অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী তিনি পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে ৫০ হাজার লিবিয়ান দিনার অর্থ পুরস্কার লাভ করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশ থেকে ১২০ জন হাফেজ অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে ১৮ জন বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে লিবিয়ার মন্ত্রী, সচিব, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতিনিধিত্বে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশের কোরআন শিক্ষায় ধারাবাহিক সফলতার ইতিহাস রয়েছে। ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান, ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান ও মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান এবং ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সাফল্য অর্জন করেন।

২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের এই তৃতীয় স্থান অর্জন আন্তর্জাতিক কোরআন মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরো সুদৃঢ় করেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত অর্ধশতক ধরে দেশের প্রতিযোগীরা বিশ্বব্যাপী কোরআন শিক্ষা ও প্রতিযোগিতায় সুনাম অর্জন করে আসছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন