বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ায় তোপের মুখে নিউজিল্যান্ড সরকার

ডেস্ক রিপোর্ট।।

নিউজিল্যান্ড সরকারের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্ক ছড়িয়েছে। বিরোধী দল, মানবাধিকার সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত সরকারের এই পদক্ষেপকে ‘ইতিহাসের ভুল পাশে থাকা’ বলে অভিহিত করেছেন।

গত কয়েক দিনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ফ্রান্সসহ বিশ্বের বেশ কয়েকটি প্রধান দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত ১৫৭ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে আশা করা হচ্ছিল নিউজিল্যান্ডও শিগগিরই এই পদক্ষেপ নেবে। তবে দেশের রাজধানী অকল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও ধর্মীয় নেতাদের প্রতিবাদের মাঝেও সরকার এ বিষয়ে অবস্থান কঠোর রেখেছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে বলেন,
“বর্তমান গাজায় যুদ্ধ অব্যাহত, হামাসের তৎপরতা রয়েছে এবং ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো স্পষ্ট নয়। এই অবস্থায় এখনই স্বীকৃতি দেওয়া শান্তি প্রক্রিয়াকে জটিলতর করতে পারে।”

তবে সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক সরকারের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে বলেন,
“বিশ্ব যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তখন নিউজিল্যান্ড পিছিয়ে পড়েছে।”

গ্রিন পার্টি এই সিদ্ধান্তকে দেশের ভাবমূর্তির জন্য ‘কলঙ্ক’ এবং লেবার পার্টি ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়া যেত।

প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এসব সমালোচনার জবাবে বলেন,
“আমরা কোনও পক্ষের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে। নিউজিল্যান্ড স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্বীকৃতির সময় নিয়ে মতভেদ থাকলেও দেশটির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধান নিশ্চিত করা।

গাজায় চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৬০ হাজার আহত হয়েছেন। ইসরায়েলি সীমান্ত অবরোধের কারণে উপত্যকায় ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, যা মানবিক সংকট আরও গভীর করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন