ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে দণ্ড কার্যকরের ওপর দুই বছরের স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যা সাধারণত পরে কারাদণ্ডে রূপান্তরিত হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) জিলিন প্রদেশের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।
আদালতের তথ্যমতে, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালনকালে তাং রেনজিয়ান ২৬৮ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩৭.৬ মিলিয়ন মার্কিন ডলার) ঘুষ গ্রহণ করেন।
তিনি শুধু নগদ অর্থ নয়, বিপুল পরিমাণ সম্পদও ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন বলে জানানো হয়েছে।
২০২3 সালের নভেম্বরে চীনের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার হন তাং রেনজিয়ান। তার ছয় মাস আগেই দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং পরে তাকে পদ থেকে সরানো হয়।
বিশ্লেষকরা বলছেন, এমন দ্রুত তদন্ত ও রায় ঘোষণার ঘটনা চীনের দুর্নীতিবিরোধী নীতির কঠোর অবস্থানের প্রমাণ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দুর্নীতিকে দেখেন। ২০২০ সাল থেকে শুরু হওয়া তার দুর্নীতিবিরোধী অভিযানে একাধিক শীর্ষ পর্যায়ের নেতা তদন্ত ও শাস্তির মুখোমুখি হয়েছেন।
তাং রেনজিয়ানের আগেও প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে-র বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়।
শি জিনপিং সম্প্রতি বলেছেন,
“দুর্নীতি এখনো আমাদের দলে সবচেয়ে বড় হুমকি। এটি নির্মূল না করলে জনগণের আস্থা হারানোর ঝুঁকি থাকবে।”
তাং রেনজিয়ান ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর ছিলেন। এরপর তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োজিত হন। তার রাজনৈতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ পদে থাকার সময়ই দুর্নীতির অভিযোগ ওঠে।

