বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নিউইয়র্কে বিক্ষোভে অংশ নেওয়ায় মার্কিন ভিসা হারাচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো

ডেস্ক রিপোর্ট।।

নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এ ঘটনায় তাকে “উসকানিমূলক আচরণে” জড়িত হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পেত্রোর মার্কিন ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়,

“নিউইয়র্কের রাস্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সেনাদের প্রতি নির্দেশ অমান্য করার আহ্বান জানিয়েছেন, যা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক। এই কারণে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময়, পেত্রো ফিলিস্তিনপন্থী একটি জনসমাবেশে নিজেই উপস্থিত হয়ে বক্তৃতা দেন। স্প্যানিশ ভাষায় দেওয়া ওই বক্তব্যে তিনি বলেন:

“আমি যুক্তরাষ্ট্রের সেনাদের বলছি— ট্রাম্পের আদেশ অমান্য করুন, মানবতার আদেশ অনুসরণ করুন।”

তার এই বক্তব্যের ভিডিও পরে তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয় এবং যুক্তরাষ্ট্রে সমালোচনার ঝড় তোলে।

সপ্তাহের শুরুতেই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেত্রো ট্রাম্প প্রশাসনের ক্যারিবীয় অঞ্চলে ড্রোন হামলার নীতিকে ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এসব অভিযানে কলম্বিয়ার নাগরিকরাও নিহত হয়েছেন, যা নিয়ে যুক্তরাষ্ট্রের সাফ জবাব— “ওটি ছিল একটি মাদকবিরোধী অভিযান, পরিচালিত হয় ভেনেজুয়েলার উপকূলে।”

এ বিষয়ে কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আর্মান্দো বেনেদেত্তি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লিখেছেন:

“পেত্রোর নয়, বরং নেতানিয়াহুর ভিসা বাতিল হওয়া উচিত ছিল— কারণ গাজায় যিনি হাজারো নিরীহ মানুষ হত্যার জন্য দায়ী।”

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই সপ্তাহে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে বা নতুন করে অনুমোদন দেয়নি। এর ফলে তারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে পারেননি।

গুস্তাভো পেত্রো কলম্বিয়ার ইতিহাসের প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। তার শাসনামলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বিশেষ করে ট্রাম্পপন্থী মহলের সঙ্গে, ক্রমাগত অবনতি হয়েছে। এবার ভিসা বাতিলের ঘটনাটি সেই সম্পর্কে আরেকটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন