চট্টগ্রামের মিরসরাইয়ে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এক ছাত্রদল নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই দলের অঙ্গসংগঠন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটেছে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করেরহাট বাজারে। অভিযোগকারী করেরহাট ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
ছাত্রদল নেতা ফারুক বলেন,
“আমি আমার বোন জামাইয়ের দেওয়া ৬০ হাজার টাকা নিয়ে বারইয়ারহাট যাচ্ছিলাম। পথে করেরহাট বাজারে আমাকে আটকে রেজাউল করিম হকের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে গাছের টুকরা দিয়ে মারধর করে আমার কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়। পরে চা খাইয়ে ছবি তোলে এবং হুমকি দেয় বিষয়টি যেন কাউকে না জানাই।”
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
অভিযুক্ত করেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য রেজাউল করিম হক অভিযোগ অস্বীকার করে বলেন,
“ফারুক নামে ছেলেটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার মোবাইলে অনেক প্রমাণ পাওয়া গেছে। তাকে আমরা অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। মারধর বা টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন,
“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা ফারুক সাবেক বিএনপি নেতা নুরুল আমিন গ্রুপের অনুসারী। ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দল থেকেই এ ঘটনার সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

