ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে একটি কিশোর গ্যাং। বুধবার বিকেলে ট্রলার ও স্পিডবোটে চড়ে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নাচ-গানের সঙ্গে দেশীয় অস্ত্রের মহড়া দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় গ্যাংয়ের সদস্যরা।
স্থানীয়রা জানান, কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠানের ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। তবে সেই সুযোগে কয়েকটি ট্রলার ও অন্তত সাতটি স্পিডবোটে করে একদল কিশোর গ্যাং নদীতে আসে। চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে তারা নাচ-গান ও অঙ্গভঙ্গিতে অংশ নেয়, যা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়।
এক প্রত্যক্ষদর্শী মো. রিপন বলেন, “নৌকাবাইচ না হলেও নদীতে হঠাৎ করে কিশোরদের এই ধরনের কর্মকাণ্ড চোখে পড়ে। তারা অস্ত্র নিয়ে খোলামেলা নাচানাচি করে এবং ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়।”
ঘটনার পরপরই ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটকের চেষ্টা করে। তবে পুলিশ উপস্থিত টের পেয়ে কিশোররা নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি। তবে কেউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের ধারণা, তারা স্থানীয় নয়; মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার ও স্পিডবোট ভাড়া করে এখানে আসে। বিষয়টি রাজৈর থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে দেখা হচ্ছে। তাদের শনাক্ত ও আটকের জন্য জোর চেষ্টা চলছে।”
স্থানীয়দের অনেকে বলছেন, কিশোর গ্যাংয়ের এমন প্রকাশ্য তৎপরতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

