পাকিস্তানের বেলুচিস্তানে আবারও সন্ত্রাসের ছায়া। শেরানি জেলার শান্ত একটি রাত মুহূর্তেই রূপ নেয় গুলির শব্দে, বিস্ফোরণে ও আতঙ্কে। বুধবার গভীর রাতে সশস্ত্র হামলাকারীরা একযোগে হামলা চালায় জেলার দুটি পুলিশ স্টেশন এবং একটি লেভিস চৌকিতে।
জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হাজরাত ওয়ালি কাকার জানান, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহৃত হয়—রকেট লঞ্চার, স্নাইপার ও বিস্ফোরক দিয়ে স্টেশনগুলোর যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়া হয়।
“প্রায় তিন ঘণ্টা টানা গুলিবিনিময় হয়। আমাদের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলায় আরও বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে,” — বলেন কাকার।
হামলায় পুলিশ সদস্য আফতাব-উর-রহমান নিহত হন, আহত হন দুই লেভিস সদস্য—কালু খান ও আব্দুল ওয়াহিদ, যাদের কুয়েটার ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। একজন লেভিস সদস্য এখনও নিখোঁজ, তার সন্ধানে অভিযান চলছে।
হামলার সময় হামলাকারীরা একটি লেভিস গাড়ি ও ত্রাণ সামগ্রীবাহী একটি সরকারি যানবাহন পুড়িয়ে দেয়। স্থানীয়রা জানিয়েছেন, রাতভর এলাকায় আতঙ্ক বিরাজ করছিল এবং বহু মানুষ তাদের ঘর থেকে বের হতে সাহস পাননি।
কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এটি হয়তো কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংগঠিত তৎপরতা হতে পারে, যারা সম্প্রতি বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর একের পর এক হামলা চালিয়ে আসছে।
সন্ত্রাসীদের ধরতে আসপাশের এলাকায় টহল ও চিরুনি অভিযান শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, হামলার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত না হওয়া পর্যন্ত তল্লাশি চলবে।

