গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৩) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পরে তা উদ্ধার করা হয়।
নিহত তাসমিন আরা নাজ সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে তাসমিন আরা নাজ ঘর থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। দুপুরের দিকে ঘাঘট নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
ঘটনাস্থলে উপস্থিত গাইবান্ধা সদর থানার পরিদর্শক (অপারেশন) আবু ইকবাল পাশা বলেন,
“আমরা ঘাঘট নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছি। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।”
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান,
“খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
তাসমিন আরা নাজের মৃত্যু ঘিরে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়দের কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও, কেউ বলছেন এটি রহস্যজনক মৃত্যু। পুলিশের পক্ষ থেকে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

