ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন অটোরিকশার চালক ও এক নারী যাত্রী।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘির যান এলাকায়।
নিহতরা হলেন—পপি আক্তার (২৩), তিনি কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী এবং অটোরিকশা চালক সাদেক মিয়া (৩৭), কসবা উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে গিরিশনগর গ্রামের দিকে যাচ্ছিল। পথে মনিয়ন্দের দীঘির যান এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তীব্র গতির ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় চালক সাদেক মিয়া ও যাত্রী পপি আক্তার ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,
“এটি একটি অরক্ষিত রেলক্রসিং ছিল। নিয়ম না মেনে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
দুর্ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকায় কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা নেই। প্রায়ই এমন ঘটনা ঘটছে, কিন্তু কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে না।

