বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, কলেজ গেটে ঝুলছে স্ক্রিনশট

ডেস্ক রিপোর্ট।।

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। অভিযোগ প্রমাণস্বরূপ শিক্ষার্থীরা অধ্যক্ষের মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট প্রিন্ট করে ব্যানার তৈরি করে কলেজ গেটের সামনে ঝুলিয়ে দিয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলেজের প্রধান ফটকে ঝোলানো ওই ব্যানারে লেখা ছিল, “নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষের নারী শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন”।

এরপর বেলা ১১টার দিকে কলেজ মাঠে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্ররা, অভিভাবক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধ্যক্ষ সামসুল হকের এমন আচরণ ক্ষমার অযোগ্য এবং শিক্ষার পরিবেশকে ভয়াবহভাবে নষ্ট করছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ নিয়মিতভাবে মেসেঞ্জারে ছাত্রীদের ‘ওড়না ছাড়া’ ছবি দেখতে চান, ‘নতুন বউ সাজে’ দেখা করার আবদার করেন এবং কারো সৌন্দর্যের প্রকাশ্য প্রশংসা করেন। ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, তিনি বেশ কয়েকজন ছাত্রীকে একান্তে দেখা করারও ইঙ্গিত দিয়েছেন।

এ বিষয়ে অধ্যক্ষের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান হোসেন বলেন,
“অধ্যক্ষ একটি চক্র তৈরি করেছেন, যারা সুন্দরী ছাত্রীদের নজরে এনে তাকে ‘খুশি’ করার চেষ্টা করে। আমরা এমন বিকৃত মনমানসিকতার লোককে আমাদের প্রতিষ্ঠানে চাই না।”

নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান বলেন,
“প্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত সুবিধা আদায়ের জায়গায় পরিণত করেছেন তিনি। আমরা তার স্থায়ী অপসারণ চাই।”

কলেজের শিক্ষক বা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসন ও শিক্ষাবোর্ডের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

অধ্যাপক সামসুল হক ২০২2 সাল থেকে নওগাঁ সরকারি কলেজে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে এর আগেও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তা এতটা জোরালো ছিল না যতটা এবার।

দেশের একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা নতুন কিছু নয়, তবে অভিযোগ প্রমাণস্বরূপ স্ক্রিনশট প্রকাশ এবং জনসমক্ষে প্রদর্শনের মাধ্যমে এটি নতুন মাত্রা পেয়েছে। প্রশ্ন উঠছে, নৈতিকতা ও নিরাপত্তার অভাব কি এখন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে?

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন