বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরাইলি আগ্রাসনের ‘সমন্বিত জবাব’ দেয়া হবে

ডেস্ক রিপোর্ট।।

কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠক চলাকালে হামাসের একটি অফিসে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তার তিন দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। তবে হামলায় হামাসের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে।

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জমিস আল-থানি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের অবশ্যই জবাব দেয়া হবে আর সেটা দেয়া হবে পুরো আরব অঞ্চলের পক্ষ থেকে সমন্বিতভাবে। বুধবার (১০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন কাতারি প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংঘটিত এই হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। চীন ও রাশিয়ার পাশাপাশি আরব বিশ্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, “দোহায় হামলা শুধু কাতারের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের ওপর আক্রমণ।” তিনি কাতারের প্রতি যেকোনো পদক্ষেপে সহায়তার আশ্বাস দেন।

এদিকে কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। হামলার পর ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে বলে জানিয়েছে কানাডাও।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই হামলা কেবল আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলেনি, বরং গাজার জিম্মিদের জীবনও ঝুঁকিতে ফেলেছে।”

তিনি আরও জানান, হামলার জবাব নিয়ে আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী রোববার ও সোমবার দোহায় এক সম্মেলনে যৌথ পদক্ষেপ নির্ধারণ করা হবে।

আল-থানি বলেন, “আমরা এমন কিছু আশা করছি যা অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে আগ্রাসন বন্ধে বাধ্য করবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন