নওগাঁ শহরের কাঠালতলী এলাকায় আদালতে শুনানিতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন জুথি (২২) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী তানভীর ঘটনার পরপরই পালিয়ে গেছেন।
নিহত জুথি শহরের আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামাণিকের মেয়ে।
নিহতের পরিবার জানায়, প্রায় এক বছর আগে গাজীপুরের তানভীর নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় জুথির। বিয়ের কয়েক মাসের মধ্যেই জুথি জানতে পারেন, তানভীরের আরও একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ।
পরবর্তীতে জুথি স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। আজ ছিল সেই মামলার শুনানির তারিখ।
নিহতের বাবা ঝুন্টু প্রামাণিক জানান,
“জুথি সকালবেলা মামলার শুনানিতে অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল। শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে ছিল তানভীর। হঠাৎ করেই সে জুথিকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন।”
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,
“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে নারীর প্রতি সহিংসতার চরম দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

