বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল জামায়াতে ইসলামী পাকিস্তান

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেলের জয়লাভের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিল জামায়াতে ইসলামী পাকিস্তান। তবে পোস্টটি কিছু সময় পরই তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী পাকিস্তানের ফেসবুক পেজে একটি বার্তায় বলা হয়, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা।”

পোস্টে আরও দাবি করা হয়, এ নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতের ঘনিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক শক্তির সমর্থন পেলেও, শেষ পর্যন্ত বিজয় হয়েছে শিবিরের পক্ষেই। তারা শিবিরের এই সাফল্যকে বাংলাদেশের ‘তরুণ প্রজন্মের জাগরণ’ এবং ‘ভারতীয় প্রভাব থেকে মুক্তির পথে একটি ধাপ’ হিসেবে উল্লেখ করে।

এছাড়া, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসাও করে দলটি। তাদের ভাষায়, “সব প্রতিকূলতার মধ্যেও স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় সরকারের ভূমিকা প্রশংসনীয়।”

তবে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট পোস্টটি আর তাদের ফেসবুক পেজে পাওয়া যায়নি। এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক ও স্পর্শকাতর কূটনৈতিক অবস্থানের কথা মাথায় রেখে জামায়াতে ইসলামী পাকিস্তান তাদের বক্তব্য সরিয়ে নিতে পারে। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন