ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। দলটি বুধবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানায়।
পোস্টে বলা হয়, “বাংলাদেশে ইতিহাস রচিত হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঘটল।”
জামায়াতে ইসলামী পাকিস্তান দাবি করে, “বিজয়ী প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা ভারতপন্থি বিভিন্ন মহলের সমর্থন পেলেও জনগণের মন জিতেছে শিবির-সমর্থিত শিক্ষার্থীরা।”
তারা আশা প্রকাশ করেছে, এই জয় দেশের তরুণদের অধিকার আদায় ও জাতীয় স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখবে। একইসঙ্গে, ভারতের প্রভাব থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করতে সহায়ক হবে বলে মন্তব্য করে দলটি।
পোস্টের শেষাংশে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকেও স্বীকৃতি দেওয়া হয়। তারা জানায়, “সব প্রতিকূলতা সত্ত্বেও সরকার ডাকসু নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা প্রশংসনীয়।”

