বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

নির্বিচার দমনপীড়ন ও দুর্নীতির অভিযোগে উত্তাল নেপালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন কেপি শর্মা ওলি। টানা দুই দিনব্যাপী দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওলির পদত্যাগের বিষয়টি তার নিজস্ব সচিবালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে কেপি শর্মা ওলি বলেন, “চলমান সংকট নিরসনের লক্ষ্যে এবং একটি সাংবিধানিক সমাধানের পথ সুগম করতেই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি।”

সোমবার রাত থেকে শুরু হওয়া ছাত্র ও তরুণদের নেতৃত্বে এই আন্দোলন ইতোমধ্যেই সহিংস রূপ নেয়। মঙ্গলবারও রাজধানী কাঠমান্ডু এবং আশপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি বহু স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং পদত্যাগ করা প্রধানমন্ত্রী ওলির বাসভবনেও। রাজনৈতিক দলগুলোর প্রধান কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

কাঠমান্ডুর সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, “মঙ্গলবারের বিক্ষোভে এখন পর্যন্ত ২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

বিক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই কেপি ওলি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। পদত্যাগের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “সঙ্কটময় এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ সংলাপ। সহিংসতা আমাদের দেশকে কোথাও নিয়ে যাবে না।”

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেরিতে নেওয়া সিদ্ধান্ত এবং তরুণদের ক্ষোভকে অবমূল্যায়ন করায় ওলির রাজনৈতিক পরিণতি ছিল অনিবার্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন