বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেপালে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ডেস্ক রিপোর্ট।।

নেপালে দুর্নীতি ও শাসনব্যবস্থার অব্যবস্থাপনার বিরুদ্ধে চলমান বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতায়। সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র জনরোষ। এরই ধারাবাহিকতায় রাজধানী কাঠমান্ডুতে শাসকদল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর সানেপা এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ‘জেন জি’ নামে পরিচিত তরুণ আন্দোলনকারীদের একটি দল নেপালি কংগ্রেসের কার্যালয়ে হামলা চালায় এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে তারা রাজনৈতিক নেতাদের বাড়ি ও অন্যান্য দলীয় কার্যালয় লক্ষ্য করেও পাথর নিক্ষেপ করে।

রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে প্রশাসন কাঠমান্ডু উপত্যকার বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করেছে।

সরকারি বাহিনীর বলপ্রয়োগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নিহতদের ছবি ও ভিডিও, যা বিক্ষোভে আরও আগুন যোগ করেছে।

প্রথমদিকে দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক জবাবদিহিহীনতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করেছিল তরুণ সমাজ। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর দমননীতির পরিপ্রেক্ষিতে আন্দোলন সহিংস মোড় নেয়।

বিক্ষোভকারীরা বলছেন, “আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাদের গুলি করে মারা হয়েছে। এর জবাব চাই।”

এ ঘটনায় এখনো পর্যন্ত নেপালি সরকার কিংবা শাসকদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন