যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচবাহী একটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ভারতীয় ট্রাকচালক ও হেলপারকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ডের আমদানি-রপ্তানি মেইন গেট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা ট্রাকচালক গুরজীত সালুজা (৩১) এবং হেলপার রাম দাস নাওয়াদি (২৪)। তারা ভারতের সিজি-০৪পিইউ-৫২৮৮ নম্বর ট্রাকে করে বাংলাদেশে কাঁচামরিচ পরিবহন করছিলেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি চালায়। এ সময় ট্রাকের ভেতর থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগান গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা জানান, এই প্রথমবারের মতো তারা বাংলাদেশে কাঁচামরিচ পরিবহন করতে এসেছেন। পথে নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি সংগ্রহ করেছিলেন বলে দাবি করেন তারা।
আটক ট্রাকের কাঁচামরিচের আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকার শিমু এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে ছিল ওমর অ্যান্ড সন্স।
৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি পণ্যবাহী ট্রাকে অস্ত্র বহন করা হচ্ছে। পরে তল্লাশির মাধ্যমে অস্ত্র ও গুলি উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

