বাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার পরও দেশের শান্তির স্বার্থে সবকিছু মেনে নেওয়ার কথা জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, “আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক। বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখানেও আমার গাড়ি ভেঙেছিল। কিন্তু যদি তাতে দেশের কল্যাণ হয়, আমি প্রস্তুত।”
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আকুর টাকুর পাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী জানান, শনিবার রাতের দিকে ১০-১২ জন দুর্বৃত্ত তার বাড়িতে ঢিল ছুড়ে ও গাড়ি ভাঙচুর করে। তিনি বলেন, “আমরা এখনও জানি না কারা করেছে। তবে কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনের পরে এই ধরনের স্বৈরাচারী মনোভাব আশা করিনি।”
তিনি প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগ যদি স্বৈরাচারী আচরণ করে, তবে আজকের ঘটনায় সেটাকে কী বলা হবে?”
সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, “আমাদের কিছু আসে যায় না দালালদের হুমকিতে। আমরা জীবনে দালাল ছিলাম না, করিও না। আজ জয় বাংলা থাকবে কিনা, সেটা দেশের মানুষ ঠিক করবে।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সরকার নিজেই কি সেই সুযোগ তৈরি করে দিচ্ছে?”
কাদের সিদ্দিকী সরকারের উদ্দেশে বলেন, “চোরাগোপ্তা হামলা বন্ধ করুন। সরকারকে বলবো, আপনারা সরে আসুন। দেশের মানুষ জাগ্রত হোক, রুখে দাঁড়াক — এটাই আমার আহ্বান।”
সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

