শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ১৫

ডেস্ক রিপোর্ট।।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুনুর রশিদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘আনন্দ পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। চন্দ্রগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রহমতখালী খালে পড়ে যায়। খালে পড়ে বাসটি আংশিক ডুবে যায় এবং যাত্রীদের অনেকেই বাসে আটকা পড়ে যান।

দুর্ঘটনার পর লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন,

“দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।”

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। নিহতদের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।”

দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে স্থানীয় হাসপাতাল ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন