শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

পুলিশ সেজে বিকাশকর্মীকে অপহরণ, এক অপহরণকারী আটক

ডেস্ক রিপোর্ট।।

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে এক বিকাশকর্মীকে অপহরণের চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ চক্র। তবে স্থানীয়দের তৎপরতায় একজন অপহরণকারী আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকুল ইসলাম নামের এক বিকাশকর্মী বনপাড়া থেকে মৌখাড়া বাজারে যাওয়ার পথে নটাবাড়িয়া জামে মসজিদ এলাকার কাছে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস তার গতিরোধ করে। গাড়ি থেকে নেমে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয়ে আতিকুলকে আটক করে গাড়িতে উঠিয়ে নেয়।

তার সহকর্মী ঘটনাটি জানতে চাইলে অপহরণকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করতে বলে।

ঘটনার সময় অপহরণকারীদের একজন আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তির নাম সালেহ আহমেদ (ঠিকানা: লাকসাম, কুমিল্লা) বলে পুলিশ নিশ্চিত করেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন,

“ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পুরো চক্রটি শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন