শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

খাদ্যবান্ধব চাল খোলা বাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।।

নোয়াখালীর কবিরহাটে সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে বিএনপির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওজি উল্যাহ (৬০), যিনি কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (৩০ আগস্ট) বিকেলে ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল খোলা বাজারে বিক্রি করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন ওজি উল্যাহ। পরে বিষয়টি জানাজানি হলে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তারিকুল ইসলামের নেতৃত্বে খাদ্য অফিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

তদন্তে গিয়ে আরও ৪৩ বস্তা চাল জব্দ করে খাদ্য অফিস, যেগুলোর বৈধ স্টক হিসেবে থাকার দাবি করা হলেও, প্রশ্ন উঠেছে চালের গুদাম স্থানান্তর ও বিক্রির পদ্ধতি নিয়ে।

উপজেলা খাদ্য পরিদর্শক তারেক মো. মোরশেদ বলেন,

“ডিলার ওজি উল্যাহ খাদ্য অফিসকে না জানিয়ে গুদাম পরিবর্তন করেছেন, যা নিয়মবহির্ভূত। ৪৩ বস্তা চাল স্টকের সঙ্গে মিলে গেলেও, খোলা বাজারে বিক্রি করা তিন বস্তা চালের উৎস অস্পষ্ট। তাই থানায় মামলা দায়ের করা হয়েছে।”

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন,

“খাদ্য অফিসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। সেই মামলার আসামিকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।”

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন,

“বিচারক গ্রেফতারকৃত ওজি উল্যাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

আটক ওজি উল্যাহ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের বাসিন্দা এবং মৃত দুধা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন