বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে ৮০০ নিহত, ত্রাণ সংকটে দুর্গম কুনার প্রদেশ

ডেস্ক রিপোর্ট।।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮০০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে। এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম ও পাহাড়ি কুনার প্রদেশ, যেখানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে সংযোগ ও নিরাপত্তা ঘাটতির কারণে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিবিসির বরাতে জানা যায়, কুনারের আসাদাবাদ এলাকার একটি প্রাদেশিক হাসপাতালের চিকিৎসক জানান, তার ছোট হাসপাতালেই ২০০ জনেরও বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের তাঁবু দরকার, ওষুধ দরকার। রেড ক্রস সহায়তা দিচ্ছে, কিন্তু আরও বেশি সাহায্য প্রয়োজন।”

রক্ষণশীল কুনার অঞ্চলে তালেবান শাসনের কঠোর সামাজিক বিধিনিষেধের কারণে নারীদের চিকিৎসা পেতে দেরি হচ্ছে। বিবিসি আফগান সার্ভিসকে এক ফ্রিল্যান্স সাংবাদিক জানান, জালালাবাদের প্রধান হাসপাতালে নারীদের তুলনায় পুরুষ রোগীর সংখ্যাই বেশি ছিল। নারী স্বাস্থ্যকর্মীর ঘাটতিও এই সমস্যাকে আরও জটিল করে তুলছে।

মানবিক সংস্থা CARE-এর প্রতিনিধি দীপমালা মাহলা বলেন, “প্রতিবারের মতো এবারও নারী ও শিশুদের ওপরই সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। আমাদের নারী ত্রাণকর্মী দরকার যারা তাদের কাছে পৌঁছাতে পারবেন।”

চীন, ভারত, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ আফগানিস্তানে ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, প্রাথমিকভাবে তাদের জরুরি তহবিল থেকে ৫ মিলিয়ন ডলার অর্থ ছাড় করা হয়েছে।

যুক্তরাজ্যও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন পাউন্ড জরুরি তহবিল ঘোষণা করেছে, যা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ও রেড ক্রসের মাধ্যমে বিতরণ করা হবে—তালেবান প্রশাসনের মাধ্যমে নয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, কাবুলে এক হাজার তাঁবু ও কুনারে ১৫ টন খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। আরও সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জাতিসংঘের ওসিএইচএ-র (OCHA) আফগানিস্তান প্রধান অ্যামি মার্টিন জানিয়েছেন, দুর্গম অঞ্চলে খাদ্য, পানি, আশ্রয় এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিতে পারে। তিনি বলেন, “মানবিক সহায়তায় আন্তর্জাতিক বরাদ্দ কমে যাওয়ায় ইতোমধ্যেই ৮০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রায় ৫ লাখ মানুষ চিকিৎসা পাচ্ছেন না।”

ক্ষতিগ্রস্ত এলাকার চিকিৎসকরা বলছেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের সঙ্গে মতপার্থক্য দূরে সরিয়ে সাধারণ আফগানদের পাশে দাঁড়ানো।” এখন পর্যন্ত অনেক দেশ প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা এখনও ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন