সিনেমার রোমাঞ্চকর প্রেম কাহিনি অনেক সময় বাস্তব জীবনেও অনুপ্রেরণা হয়ে ওঠে। তবে এই অনুপ্রেরণার রূপ কখনো হাস্যকর, আবার কখনো ভয়াবহও হতে পারে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক যুবক প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন তার কেটে দেন—ফলে অন্ধকারে ডুবে যায় প্রেমিকার পুরো গ্রাম!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক লোহার কাটার যন্ত্র হাতে বিদ্যুতের খুঁটিতে উঠে একে একে হাইটেনশন তারগুলো কেটে ফেলছেন। ভিডিওর আসল লোকেশন নিশ্চিত না হলেও ঘটনাটি ভারতের কোনো গ্রামে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বইছে। একজন লিখেছেন,
“প্রেমিকরা সাধারণত নিজেদের শিরা কাটে, কিন্তু এই প্রেমিক গোটা গ্রামের শিরাই কেটে দিল!”
আরেকজন মন্তব্য করেন,
“প্রেমে অন্ধ হওয়া নতুন কিছু নয়, কিন্তু এই প্রেমে গোটা গ্রাম অন্ধকারে ডুবে গেল!”
এ ঘটনা নতুন মনে হলেও অনুরূপ একটি ঘটনা ঘটেছিল ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে। সেখানে এক প্রেমিক সন্ধ্যায় পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখতেন যেন অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করা যায়। পরে গ্রামবাসীর তদন্তে ধরা পড়ে তার কাণ্ড।
সাইবার বিশ্লেষক ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং রোমান্টিক ফ্যান্টাসি অনেক তরুণকে বাস্তবতা থেকে বিচ্যুত করছে। প্রেমে প্রত্যাখ্যান বা প্রতিক্রিয়ার কারণে এই ধরনের চরম ও বিপজ্জনক কাজ সামাজিক ও নিরাপত্তাজনিত দিক থেকে গভীর উদ্বেগের বিষয়।

