শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ঘোষিত নির্বাচনী রোডম্যাপ ‘সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা’: তাহের

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে ‘সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন, যেখানে দলটির নেতাকর্মীরা ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ‘প্রস্তুতির’ কথা বললেও নির্বাচন কমিশনের আচরণ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন।

ডা. তাহের বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের আপত্তি নেই। তবে জুলাই চার্টারকে আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে সেটি হবে একটি নির্বাচনী ষড়যন্ত্রের অংশ।”

কিন্তু প্রশ্ন উঠছে—এই ‘জুলাই চার্টার’ কী? কতটুকু আইনি ভিত্তি রয়েছে এর? এবং কাদের সমঝোতায় এটি তৈরি হয়েছিল?

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

তাহের বলেন, “আগের ট্র্যাডিশনাল পদ্ধতি এবং প্রস্তাবিত পিআর (প্রতিনিধিত্বের আনুপাতিক পদ্ধতি) এই দুইয়ের মধ্যে কোনোটি নির্ধারণ না করেই রোডম্যাপ ঘোষণা করাটা একটি বড় ভুল। এমনকি এটি একটি জাতিগত অপরাধ।”

তিনি দাবি করেন, সরকার ও ইসিকে বাধ্য করা হবে “জুলাই চার্টার রিফান্ড” ও “পিআর ভিত্তিক নির্বাচন” দিতে।

বিশ্লেষকরা বলছেন, জামায়াতের বক্তব্যে একটি সুস্পষ্ট বার্তা রয়েছে—নির্বাচনে অংশ নেওয়ার প্রবণতা, তবে শর্ত সাপেক্ষে।

তাহের আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের মানুষ ভোট দেবে। আমরা নতুন বাংলাদেশ গড়ব।”

কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব বক্তব্য আপাতদৃষ্টিতে জাতীয়তাবাদী শ্লোগান মনে হলেও, এর পেছনে রাজনৈতিক স্বার্থ ও জোট সমীকরণ প্রভাব ফেলতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন