শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

অপারেশন থিয়েটারে টিকটক, প্রত্যাশা ক্লিনিকে ‘অপেশাদারিত্বের নজির’

ডেস্ক রিপোর্ট।।

নড়াইলের লোহাগড়া উপজেলার প্রত্যাশা ক্লিনিকে অপারেশন থিয়েটারে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি সামনে আসার পর কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

বুধবার রাতের দিকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সিজারিয়ানের পর অচেতন অবস্থায় থাকা এক নারী রোগীর পাশে দাঁড়িয়ে অভিনয় করছেন এক নারী। পরে জানা যায়, তিনি ঐ ক্লিনিকের নার্স পরিচয়ে দায়িত্বে ছিলেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন—কীভাবে একজন অপেশাদার ব্যক্তি, যার শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি পর্যন্ত, এমন সংবেদনশীল স্থানে দায়িত্ব পালন করছিলেন?

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, “এটি চরমভাবে অনৈতিক, অমানবিক এবং স্বাস্থ্যনীতিবিরুদ্ধ কাজ। একজন রোগীর গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।”

সিভিল সার্জনের নির্দেশে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় প্রশাসন, ক্লিনিক মালিক সমিতি ও স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়। সিদ্ধান্ত হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে কোনও অস্ত্রোপচার চালানো যাবে না।

অভিযুক্ত নার্স প্রিয়া নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ক্লিনিক কর্তৃপক্ষও দায় স্বীকার করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়েছে।

এ ঘটনা স্বাস্থ্যখাতে বেসরকারি প্রতিষ্ঠানের নজরদারির ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছে। অনেকেই বলছেন, অপারেশন থিয়েটার যেখানে জীবনের ঝুঁকির বিষয়, সেখানে এমন অনিয়ন্ত্রিত এবং অপেশাদার আচরণ রোধে জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানো প্রয়োজন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন