পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের সংসদ সদস্যদের জাতীয় পরিষদের সব স্থায়ী কমিটি থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। রবিবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন তার বোন আলিমা খান।
আলিমা খান সাংবাদিকদের বলেন, “ভাই ইমরান খান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, পিটিআই’র যেসব সংসদ সদস্য সংসদীয় কমিটিগুলোতে রয়েছেন, তারা যেন অবিলম্বে পদত্যাগ জমা দেন। এটি দলের চলমান অবস্থান ও নীতির অংশ।”
তিনি আরও জানান, আসন্ন উপনির্বাচন ঘিরে ইমরান খান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গোহর ও সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজাকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
কারাবন্দি অবস্থায় স্ত্রী বুশরা বিবির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। আলিমা খান বলেন, “তিনি বুশরা ভাবির নিরাপত্তা ও শারীরিক অবস্থা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। একইসঙ্গে দলের গুরুত্বপূর্ণ কর্মী শেরশাহ ও শাহরেজের গ্রেপ্তারের বিষয়েও তাকে অবগত করা হয়েছে।”
সামরিক স্থাপনায় হামলার অভিযোগে দায়ের করা আটটি মামলায় ইমরান খান সম্প্রতি জামিন পেয়েছেন। তবে তাতেও আপাতত কারামুক্তি মিলছে না, কারণ দুর্নীতির এক মামলায় তার বিরুদ্ধে ১৪ বছরের সাজা বহাল রয়েছে।
গত বছরের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকেই পিটিআই প্রধান কারাবন্দি। সেনাবাহিনী ও সরকারবিরোধী বক্তব্য, সহিংসতা এবং দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। পিটিআই অভিযোগ করে আসছে, এটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

