শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

নাফ নদী থেকে ফের ১১ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ডেস্ক রিপোর্ট।।

নাফ নদী দিয়ে মাছ শিকারের সময় ফের ১১ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক এবং বাকি ছয়জন রোহিঙ্গা বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে, টেকনাফের নাইক্ষ্যংদিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমার জলসীমায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ পরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি।

তিনি বলেন, “স্থানীয় জেলেদের মাধ্যমে জানতে পেরেছি, মাছ ধরার পর ট্রলারে করে ফিরে আসার সময় অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। তারা এখনো মুক্তি পায়নি।”

তিনি আরও জানান, “এর আগেও আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। তাদেরও এখনো ফিরিয়ে দেওয়া হয়নি।”

ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, “দুপুরে আমরা খবর পেয়েছি যে আরাকান আর্মির হাতে আবারও জেলে আটক হয়েছে। সীমান্তসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এমন সমস্যা নিয়ে আমরা আইনশৃঙ্খলা সভায় আলোচনা করেছি। জেলেদের সতর্ক থাকতে বলা হচ্ছে, যেন তারা সীমান্ত অতিক্রম না করেন।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে।

এদিকে, ঘটনার পর থেকে আটক জেলেদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। তারা দ্রুত উদ্ধার ও মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন