বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নর্ডস্ট্রিম বিস্ফোরণ: ইতালিতে ইউক্রেনীয় সন্দেহভাজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।।

২০২২ সালে বাল্টিক সাগরের নিচে অবস্থিত গুরুত্বপূর্ণ নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করেছে ইতালি। সন্দেহভাজন ওই ব্যক্তিকে জার্মানির অনুরোধে ইতালির রিমিনি প্রদেশ থেকে আটক করে দেশটির সামরিক পুলিশ বাহিনী কারাবিনিয়েরি।

জার্মান প্রসিকিউটরদের বরাতে জানা যায়, ধৃত ব্যক্তির নাম সেরহি কে, যিনি নর্ডস্ট্রিম পাইপলাইনে হামলায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার সন্দেহে আন্তর্জাতিক নজরদারির তালিকায় ছিলেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, সেরহি কে একটি ইউক্রেনীয় দলের সদস্য, যারা জার্মানির রোস্টক বন্দর থেকে ইয়ট ভাড়া করে ডেনমার্কের বর্নহলম দ্বীপের কাছে বাল্টিক সাগরের গভীরে গিয়ে বিস্ফোরক বসান। এই বিস্ফোরণেই ব্যাপক ক্ষতি হয় নর্ডস্ট্রিম ১ ও ২ পাইপলাইনের।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ইউরোপের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ রাশিয়া-জার্মানি গ্যাস সংযোগ নর্ডস্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে পাইপলাইনের তিনটি লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই হামলার দায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

 ইউক্রেন বরাবরই এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। একইভাবে রাশিয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছে।

সেরহি কে’র বিরুদ্ধে “রাষ্ট্রের অবকাঠামোতে হামলা ও সাংবিধানিক কাঠামো ধ্বংসের চেষ্টা” সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। ইতালিতে তার আটকাদেশের পরপরই জার্মান কর্তৃপক্ষ তাকে প্রত্যর্পণের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এর আগে জার্মান প্রসিকিউটররা ইউক্রেনীয় ডুবুরি ভলোদিমির জেড-এর বিরুদ্ধেও একই হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।


জার্মান গোয়েন্দারা দাবি করেছেন, প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য অনুযায়ী ইউক্রেনীয় একটি স্বাধীন দলই বিস্ফোরণের জন্য দায়ী হতে পারে। তবে এখনো পর্যন্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।


নর্ডস্ট্রিম বিস্ফোরণকে কেন্দ্র করে ইউরোপজুড়ে একাধিক তদন্ত চলছে। এই গ্রেফতারিকে ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরা সম্ভাব্য ‘ব্রেকথ্রু’ হিসেবে দেখছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন