শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল ১১ যানবাহন

ডেস্ক রিপোর্ট।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে অবস্থিত একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে ঘটনার সময় স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হন, যাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি বাস গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন পুরো সিএনজি স্টেশনজুড়ে ছড়িয়ে পড়ে। এতে পাম্পে অবস্থানরত অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।

সিএনজি পাম্পটির সহকারী ব্যবস্থাপক শোয়েব আহমদ জানান, “সকাল ৫টার দিকে একটি বাস আসে, সকাল ৬টার সময় গ্যাস নেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। তখন তিনতলায় থাকা কর্মীদের কয়েকজন জানালা দিয়ে লাফ দিয়ে প্রাণ বাঁচান।”

দগ্ধদের মধ্যে রয়েছেন পাম্পের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০)। এছাড়াও আরও ৪ জন সিএনজি চালক আহত হয়েছেন, যাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “সিএনজি স্টেশন, একটি বাস ও ১০টি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা বলছেন, এ ধরনের গ্যাস স্টেশনে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি, কারণ অগ্নিকাণ্ডের আশঙ্কা সবসময়ই থাকে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু সময় ধরে যান চলাচল বন্ধ ছিল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন