গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর পর অনেক সাবেক আওয়ামী লীগ নেতা এখন প্রবাসে আত্মগোপনে রয়েছেন। ভারতের কলকাতায় অবস্থানরত এমন দুই সাবেক এমপির জীবনযাত্রা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
গত বছরের গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর ক্ষমতাসীন দলের অনেক এমপি-মন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হন। অনেকে পরিবার ছাড়াই পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে উঠে এসেছে, কলকাতার একটি ৩বিএইচকে অ্যাপার্টমেন্টে দুই সাবেক আওয়ামী লীগ এমপি একসঙ্গে বসবাস করছেন। নিরাপত্তা ও পরিচয় গোপন রাখতেই তাঁরা গণমাধ্যমের সামনে আসতে চাইছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক এমপি বলেন, “ভোরে নামাজ পড়ার পর নিয়ম করে জিমে যাই। আমি ওজন কমাতে কাজ করছি, আর আমার সহচর পেলেট ক্লাসে যান।”
তিনি আরও জানান, “রান্নায় একেবারেই অভ্যস্ত নই। যখন গৃহকর্মীরা আসে না, তখন স্ত্রীকে ভিডিও কলে ধরেই রান্না করি। তিনিও এখন ঢাকায় থেকে যাচ্ছেন।”
প্রতিবেদনে উঠে এসেছে, যেসব নেতারা এতদিন রাষ্ট্রীয় সুবিধা, দেহরক্ষী ও রাজনৈতিক ক্ষমতার বলয়ে ছিলেন, তারা এখন আত্মগোপনে ব্যক্তিগত ও মানসিক চাপে দিন কাটাচ্ছেন। রান্না, পরিস্কার কিংবা দৈনন্দিন ছোটখাটো কাজও তাদের নিজ হাতে করতে হচ্ছে।
মজা করে ওই এমপি বলেন, “যদি কখনো বাংলাদেশে ফিরে যাই, হয়তো রান্নাকেই পেশা হিসেবে নিতে হবে!”
সাবেক এ নেতাদের অনেকে এখনো রাজনৈতিক প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকলেও, কবে বা আদৌ তারা ফিরতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বর্তমানে তারা কোনো ধরনের রাজনৈতিক তৎপরতায় নেই বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

