শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট।।

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পিংকি আক্তার (২৫) ও তার সাবেক স্বামী বদর উদ্দিন (২৮)। পিংকি কালামপুর এলাকার আনছার আলীর মেয়ে এবং বদর উদ্দিন বাথুলি গ্রামের ইনসান আলীর ছেলে।

ধামরাই থানা পুলিশ জানায়, চার বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের একটি চার বছরের সন্তান রয়েছে। তবে চলতি বছরের এপ্রিলে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদা থাকছিলেন।

বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে যান বদর উদ্দিন। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকিকে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেও বিষপান করে আত্মহত্যা করেন।

স্থানীয়রা বদর উদ্দিনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন