শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতার রহস্যজনক নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ডেস্ক রিপোর্ট।।

ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম তুষার (২৭) তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ তুষার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) তুষারের বড় ভাই সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার জানায়, পাওনাদারকে ২ লাখ টাকা পরিশোধ করতে সোমবার সন্ধ্যায় নগদ অর্থসহ তুষার বাড়ি থেকে বের হন। তিনি ফেনী শহরের মহিপালে শ্বশুরের বাসায় রাতযাপন করার কথা থাকলেও সেখানে পৌঁছাননি। এমনকি পাওনাদারকেও টাকা দেননি।

রাত ১০টা পর্যন্ত মোবাইল কললিস্ট বিশ্লেষণে দেখা যায়, তুষার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিপাল এলাকায় ছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের বাসায় খোঁজ করেও কোনো তথ্য মেলেনি বলে জানান তার পরিবার।

সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ বি এস মারুফ বলেন,
“আমাদের সহকর্মী তুষারের খোঁজ না পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত তার সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন,
“নিখোঁজ তুষারকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

নিখোঁজের ঘটনায় তুষারের পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন