শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

হাসপাতালে রাতের খাবার পায় না রোগীরা, প্রমাণ পেলো দুদক

ডেস্ক রিপোর্ট।।

১০১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও নেই সেবার মান। রোগীদের রাতের খাবার বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক অভিযানে এসব অনিয়ম উঠে আসে।

মাদারীপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুলের নেতৃত্বে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে। হাসপাতাল পরিদর্শনের সময় উঠে আসে নির্মাণ ও সংস্কার কাজে ব্যাপক গাফিলতি, রোগীদের প্রাপ্য খাবার না দেওয়া, অপরিচ্ছন্ন পরিবেশসহ একাধিক দুর্নীতির প্রমাণ।

দুদক কর্মকর্তারা জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বরাদ্দ পাওয়া ১০১ কোটি ৩৭ লাখ টাকার উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। পাশাপাশি, নির্দিষ্ট বাজেট থাকলেও রাতে রোগীদের খাবার সরবরাহ করা হচ্ছে না—এমন অভিযোগেরও সত্যতা মেলে।

হাসপাতালের বাথরুমগুলো অপরিচ্ছন্ন, কিছু ওয়ার্ডে নেই পর্যাপ্ত আলো ও ভেন্টিলেশন ব্যবস্থা। দায়িত্বরত আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত দুদক কর্মকর্তারা হাসপাতালের সংশ্লিষ্ট নথিপত্র ও আর্থিক তথ্য সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়ায় পুরো বিষয়টি কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

“হাসপাতালের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রমাণ আমরা পেয়েছি। রোগীদের দেওয়া হয়নি বরাদ্দকৃত খাবার। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নেও রয়েছে গাফিলতি। এসব তথ্য তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে স্থানীয়ভাবে জানা যায়, একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রক্ষা হয়নি বলে অভিযোগ উঠেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন