শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

মেঘনা সেতুর মাঝপথে বিকল ট্রেনের ইঞ্জিন, আশুগঞ্জে মহানগর এক্সপ্রেসের বিভ্রাট

ডেস্ক রিপোর্ট।।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর রেলসেতুর উপর বিকল হয়ে পড়ে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে গুরুত্বপূর্ণ এই রেলপথে সাময়িকভাবে এক লাইনে ট্রেন চলাচল শুরু হলেও দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে।

এর আগে ট্রেনটির সঙ্গে আরও একটি বিপত্তি ঘটে—আশুগঞ্জ স্টেশনের আউটার সিগনাল অতিক্রম করার সময় পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে ছাড়ার পর, ট্রেনটি আশুগঞ্জের কাছে পৌঁছালে ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝে সংযোগ ছিন্ন হয় এবং পেছনের পাঁচটি বগি রেখে সামনের অংশটি এগিয়ে যায়।

বিচ্ছিন্ন বগি রেখেই ট্রেনের বাকি অংশটি ঢাকা অভিমুখে যাত্রা করলে কিছু দূর যাওয়ার পরই মেঘনা রেলসেতুর ওপর ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। ফলে, একটি মাত্র লাইনে ট্রেন চলাচল সীমিত হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, “ফেলে যাওয়া বগিগুলো ছাড়াই ট্রেনটি ঢাকা যাচ্ছিল। পথেই ইঞ্জিন বিকল হয়ে গেলে রেল চলাচলে বিঘ্ন ঘটে। আপাতত এক লাইনে ট্রেন চলাচল চালু আছে।”

ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ও হতাশা দেখা দেয়। বিকল ইঞ্জিনের কারণে দীর্ঘ সময় ট্রেন থেমে থাকায় অনেক যাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি।

রেল কর্তৃপক্ষ জানায়, বিকল ট্রেন অপসারণ ও রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন