রাঙামাটির বাঘাইছড়িতে পরিবেশ বিধি অমান্য করে পাহাড় কাটার অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমার বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে পরিবেশ অধিদপ্তরের রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অনুমোদন না নিয়েই বড় পরিসরে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার প্রমাণ মিলেছে। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ধারা অনুযায়ী মামলা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে বাঘাইছড়ি উপজেলার রূপকারী গ্রামের মৃত পূর্ণলাল চাকমার ছেলে সুদর্শন চাকমাকে। তিনি দুই মেয়াদে বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এজাহারে বলা হয়, জেলা প্রশাসনের নির্দেশে বাঘাইছড়ি থানার দক্ষিণ-পশ্চিমাংশে প্রায় ৬০ হাজার বর্গফুট এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য অনুযায়ী, এটি সুদর্শন চাকমার তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্রও নেয়া হয়নি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, “পরিবেশ অধিদপ্তরের করা মামলাটি আমরা গ্রহণ করেছি। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশবাদীরা বলছেন, বারবার সতর্কতা সত্ত্বেও পাহাড় কাটার ঘটনায় প্রশাসনের কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি হয়ে উঠেছে।

