বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শোক আর শঙ্কায় মালালা, পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৪৪ ছাড়াল

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৪৪ ছাড়িয়ে গেছে। টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক এই দুর্যোগে শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। নিজ জেলা শাংলায় বড় ধরনের ক্ষতির খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন।

রোববার (১৭ আগস্ট) এক্স-এ দেওয়া এক বার্তায় মালালা বলেন, “গিলগিট-বালতিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়ার বুনের, সোয়াত, বাজৌর ও শাংলায় যে মানবিক বিপর্যয় ঘটেছে—তা হৃদয়বিদারক। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে আমি আছি।”

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, শুধুমাত্র খাইবার পাখতুনখোয়া প্রদেশেই মৃত্যু হয়েছে অন্তত ৩২৪ জনের। শাংলা জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি—৩৭ জন। মানসেহরায় ২৩ জন, সোয়াতে ২২ জন এবং বাজৌরে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩৭ জন।

এনডিএমএ ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, বন্যায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অন্তত ১১টি ঘর, আংশিক ক্ষতিগ্রস্ত ৬৩টি। এছাড়া সোয়াত ও শাংলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্গত এলাকায় কাজ করছে প্রায় দুই হাজার উদ্ধারকর্মী। তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে মালালা দীর্ঘ ১৩ বছর পর নিজ গ্রাম শাংলায় ফিরেছিলেন। এ গ্রামেই ২০১২ সালে তিনি তালেবান জঙ্গিদের গুলির শিকার হন।

এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে মালালা সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন