বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট।।

রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং প্রায় ১৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুরো কারখানা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

শনিবার রুশ মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, কারখানার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা।

প্রসঙ্গত, ২০২১ সালেও একই কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছিলেন। বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা শিল্প নিরাপত্তা নিয়ে রাশিয়ার নীতিমালা ও নজরদারির ওপর প্রশ্ন তুলেছে।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ এক দিনের সরকারি শোক ঘোষণা করেছেন। তার টেলিগ্রাম বার্তায় বলা হয়, “পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের স্মরণে সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।”

রাশিয়ায় এমন বিস্ফোরণ নতুন নয়। শিল্প কারখানায় নিরাপত্তা বিধান এবং পুরনো অবকাঠামো ব্যবস্থাপনায় ঘাটতির কারণে প্রায়ই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া যায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন