শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ১

ডেস্ক রিপোর্ট।।

পাবনার বেড়া পৌরসভায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতিগাড়া এলাকার সজিব (৩৩), পিতা আবুল কালাম এবং মুস্তাকিন (২১), পিতা আব্দুর গফুর। আহত শ্রমিকের নাম রবিউল ইসলাম।

স্থানীয়রা জানান, সম্প্রতি তাহের উদ্দিনের বাড়িতে নির্মিত একটি সেপটিক ট্যাংকির ভেতর জমে থাকা নির্মাণসামগ্রী পরিষ্কার করতে নিচে নামেন তিন শ্রমিক। কিছুক্ষণের মধ্যেই ট্যাংকের ভেতর থেকে শব্দ বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের অভাবে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

আহত রবিউল ইসলামকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ট্যাংকের ভেতরে গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের অভিযোগ, সঠিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই শ্রমিকদের ট্যাংকের ভেতর নামানো হয়। কোনো রকম ভেন্টিলেশন বা গ্যাস পর্যবেক্ষণের ব্যবস্থা ছিল না। বিষয়টি শ্রমিক নিরাপত্তার চরম অবহেলা বলেই মনে করছেন তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন