মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

তবে কি অভিনয় থেকে সরে যাচ্ছেন দীপিকা

ডেস্ক রিপোর্ট।।

বলিউডে কাজের সময় নিয়ে বিতর্ক যখন চরমে, তখন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিলেন এক চমকপ্রদ সিদ্ধান্ত। ৮ ঘণ্টার বেশি শুটিং নয়—এমন দাবিতে সরগরম যখন সিনে দুনিয়া, ঠিক তখনই ‘দ্য ইন্টার্ন’ ছবির রিমেক থেকে নিজেকে সরিয়ে নিলেন দীপিকা। এবার তার মনোযোগ অভিনয় নয়, প্রযোজনায়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড ডে’-এর প্রতিবেদন অনুযায়ী, দীপিকা সিদ্ধান্ত নিয়েছেন নিজের প্রযোজনা সংস্থা ‘KA Productions’ থেকেই ছবিটি তৈরি করবেন, কিন্তু অভিনয় করবেন না। ফলে অমিতাভ বচ্চনের বিপরীতে নতুন মুখ খুঁজছে নির্মাতারা।

সম্প্রতি মা হয়েছেন দীপিকা। সদ্যোজাত কন্যা দুয়াকে ঘিরেই এখন তার ব্যস্ততা। পেশা ও পরিবার—এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখতেই তিনি দীর্ঘ সময় শুটিংয়ে কাজ করতে রাজি নন। এই কারণেই ‘স্পিরিট’ ছবিতেও অভিনয় থেকে সরে দাঁড়ান দীপিকা, যার বদলে সেখানে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।

এর আগে তাকে দেখা গেছে ‘সিংঘম এগেইন’ সিনেমায়। এরপর ‘স্পিরিট’ ও ‘দ্য ইন্টার্ন’—দুটি বড় প্রজেক্ট থেকেই সরে দাঁড়ানোয়, অনেকেই ভাবছেন দীপিকা কি ধীরে ধীরে অভিনয় থেকে বিরত হচ্ছেন?

২০১৫ সালের হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে দীপিকার কাজ করার কথা থাকলেও এখন তিনি চাইছেন একক প্রযোজক হিসেবে কাজ করতে। জানা গেছে, প্রজেক্টটি তারই হাতে থাকবে, তবে পর্দায় অন্য কেউ আসবেন।

বলিউডে এখন চলছে কাজের ঘণ্টা নিয়ে বিতর্ক। কেউ দীপিকার পক্ষে, কেউ আবার বলছেন—একজন পেশাদার অভিনেত্রীকে সময়ের গণ্ডিতে বেঁধে রাখা উচিত নয়। এরই মধ্যে দীপিকার এমন পদক্ষেপ নতুন আলোচনার জন্ম দিচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন