অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দিয়েছেন, আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হবে। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছে।
জার্মানির জরিপে দেখা গেছে, দেশটির অধিকাংশ মানুষ ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির পক্ষে। আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থায়িত্ব প্রতিষ্ঠার জন্য ‘দুই রাষ্ট্র সমাধান’ প্রয়োজন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে যে, ভবিষ্যতে ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না।
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতি প্রদানের পরিকল্পনাকে কঠোর সমালোচনা করেছেন এবং বলেছেন, এটি শান্তি আনার পরিবর্তে আরও সংঘাত বাড়াবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন ত্রাণপ্রত্যাশী এবং কয়েকজন শিশু রয়েছেন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের ফলে গাজার পরিস্থিতি ক্রমেই মানবিক সংকটে পরিণত হয়েছে।
এদিকে নিউজিল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানানো হয়েছে।

