শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্নীতি প্রশ্রয় দিতেন না: দুদক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় পরিচয় ছিল, তিনি নিজে দুর্নীতিগ্রস্ত ছিলেন না এবং দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিতেন না। তাই বগুড়াবাসীর উচিত তাঁর আদর্শ অনুসরণ করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া।

রোববার (১০ আগস্ট) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চেয়ারম্যান বলেন, “৪২ বছর আগে আমি আমার চাকরি জীবন শুরু করেছিলাম বগুড়া থেকে। এই জেলা আমার প্রথম কর্মস্থল, প্রথম ভালোবাসা। আজও বগুড়াকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা মনে করি।”

তিনি আরও বলেন, “দুদকের কর্মকর্তারাও যেন দুর্নীতিগ্রস্ত না হন, সে দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কাজ হোক বা না হোক, ঘুষ দেওয়া চলবে না। ঘুষ না দিয়ে অপেক্ষা করলে এক সময় কাজ হবেই।”

চেয়ারম্যানের মতে, ঘুষ বন্ধ করতে হলে কেবল দাবিদারদের দোষারোপ করলেই চলবে না, বরং সরবরাহ বন্ধ করাই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, “সরকারি চাকরিজীবীদের কাজ করতেই হবে। বিকল্প নেই। তাই ঘুষের চাহিদার পাশাপাশি সরবরাহ বন্ধ করলেই দুর্নীতি কমবে।”

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত গণশুনানিতে বগুড়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৭টি অভিযোগ জমা পড়ে।

এর মধ্যে ৫৭ জন অভিযোগকারীর লিখিত ও মৌখিক বক্তব্য শোনা হয়। অনুষ্ঠানে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে জাল দলিল সংক্রান্ত অপরাধে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা, দুদকের বিভাগীয় পরিচালক ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

দুদকের এই আয়োজনকে বগুড়া জেলাকে দুর্নীতিমুক্ত করার পথে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন