বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে পুলিশের গণগ্রেপ্তার, একদিনে আটক ৪৬৬

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধ করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে ৪৬৬ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, এটি ব্রিটেনের ইতিহাসে একদিনে সংঘটিত অন্যতম বড় গণগ্রেপ্তার।

শনিবার (৯ আগস্ট) লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিন অ্যাকশন গ্রুপের প্রতি সংহতির দাবিতে একত্রিত হন। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড ও পোস্টার, যাতে লেখা ছিল—“আমি গণহত্যার বিরোধী”, “ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি” এবং “গাজা থেকে হাত সরাও”।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মাটিতে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। একপর্যায়ে মেট্রোপলিটন পুলিশ তাদের একজন করে ধরে নিয়ে যেতে শুরু করে। পুলিশি কার্যক্রম চলার সময় উপস্থিত জনতা স্লোগান তোলে—“শেম অন ইউ”।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া বিবৃতিতে জানায়, রাত ৯টার মধ্যে ৪৬৬ জনকে ফিলিস্তিন অ্যাকশনের পক্ষে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আরও আটজনকে ভিন্ন ভিন্ন অভিযোগে আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাঁচজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগও।

বিক্ষোভকারীদের অনেকেই এই ধরপাকড়কে ‘রাজনৈতিক হয়রানি’ হিসেবে আখ্যায়িত করেছেন। মানবাধিকার সংগঠনগুলোও বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, সরকার বিরোধী মত দমন করতে পুলিশি শক্তি ব্যবহার করা হচ্ছে, যা নাগরিক স্বাধীনতার পরিপন্থী।

এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক আন্দোলনের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন