গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার অভিযান ও বোমাবর্ষণে মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিহত হয়েছেন অন্তত ৯৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ছয় শতাধিক। একাধিক মানবিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৫১ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা বেসামরিক মানুষ। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে।
সহিংসতার পাশাপাশি তীব্র খাদ্যসংকটে অনাহারে মৃত্যুর ঘটনাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ৪ জন মারা গেছেন, যার মধ্যে কয়েকজন শিশু। এ নিয়ে গাজায় অনাহারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে, যার অর্ধেকের বেশি শিশু।
গণহত্যার অভিযোগে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬১ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৪৫ জন।
গাজায় কার্যত মানবিক বিপর্যয় চলছে। মে মাসের শেষ সপ্তাহে ইসরায়েল জিএইচএফ নামে একটি বিতর্কিত ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে। তবে সেখান থেকেও নিরাপদে ত্রাণ সংগ্রহ করতে পারছেন না মানুষজন।
স্থানীয় সূত্র জানিয়েছে, এই ত্রাণপয়েন্টের আশপাশে গুলিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭০৬ জন ত্রাণপ্রার্থী। আহত হয়েছেন ১২ হাজার ৩০০-এরও বেশি।
জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রাষ্ট্র গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও এখনো শান্তি আলোচনায় কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। এদিকে গাজার বিস্তীর্ণ অংশ এখনো ধ্বংসস্তূপে পরিণত। হাজারো মানুষ গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন।

