শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

নোয়াখালীতে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

দুর্ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রগঞ্জ পূর্ববাজার সংলগ্ন জগদিশপুর এলাকায়, লাইয়ারপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যানের বাড়ির সামনে।

নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন:

  1. ফয়জুন নেছা (৮০)

  2. খুরশিদা বেগম (৫৫)

  3. কবিতা বেগম (৩০)

  4. লাবনী বেগম (৩০)

  5. রেশমি (১০)

  6. লামিয়া (৯)

  7. মীম (২)

তারা সবাই ওমানপ্রবাসী বাহার উদ্দিনের পরিবার ও শ্বশুরবাড়ির সদস্য বলে জানা গেছে।

জানা যায়, পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করেন। মাইক্রোবাসে মোট ১২ জন আরোহী ছিলেন। চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন জানান, আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ তাদের হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয়দের ধারণা, চালকের চোখে ঘুম আসার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। খালে পড়ে যাওয়ার পর মাইক্রোবাসটি দ্রুত ডুবে যায়, ফলে অনেকেই আটকা পড়ে মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন