বাংলাদেশের ইসলামপন্থি রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিভাজন। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রকাশ্যে ‘ভণ্ড ইসলামের দাওয়াতদাতা’ বলে অভিযোগ এনেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।
চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত এক জনসভায় বাবুনগরী বলেন,
“জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, সহি ইসলামী পার্টি না। তাদের ইসলাম হলো মওদুদীর ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম।”
সভায় ইঙ্গিত দেওয়া হয়, খুব শিগগিরই একটি ‘মদিনার ইসলামি নীতিমালা’ ঘোষণা করা হবে, যেখানে জামায়াত বা তাদের মতাদর্শের সঙ্গে দ্বিমত পোষণকারী ধর্মীয় সংগঠনগুলোকে পরিহার করার দাওয়াত থাকবে।
বাবুনগরী বলেন,
“আমরা এখন আর চুপ থাকব না। যারা মওদুদীবাদ প্রচার করে, তারা প্রকৃত ইসলাম নয় বরং ধর্মের নামে বিভ্রান্তি তৈরি করছে। এই জাতিকে তাদের মিথ্যা থেকে মুক্ত করতে হবে।”
ঘটনার পর ইসলামপন্থি রাজনীতির ভেতরে শুরু হয়েছে বিতর্ক। জামায়াত সংশ্লিষ্ট এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“এই ভাষা দ্বীনের ভাষা নয়। ইসলামের নামে যদি ফেতনা ছড়ানো হয়, তাহলে বিভ্রান্ত হবে সাধারণ মানুষ। হেফাজতের বক্তব্য দুঃখজনক।”
রাজনৈতিক বিশ্লেষক ড. হানিফ আজাদ বলেন,
“বাংলাদেশে ইসলামি রাজনীতি নতুন করে রূপ নিচ্ছে। জামায়াত ও হেফাজত একসময় একই আদর্শভিত্তিক জোটে ছিল। এখন তাদের মধ্যে বিভাজন মানেই একটি নতুন ধর্মভিত্তিক রাজনীতির জন্ম।”
সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী। বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শাহজাহান ইসলামাবাদী, মাওলানা আইয়ুব বাবুনগরীসহ প্রায় ১৫ জন আলেম।
হেফাজতের ঘনিষ্ঠ সূত্র বলছে, চলতি মাসেই একটি ‘ইসলামি সংস্কার আন্দোলন’-এর ঘোষণা আসতে পারে। এর মাধ্যমে তারা আলাদা ইসলামি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের পথে হাঁটবে।

