বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জনগণের চিকিৎসা-অধিকার নিয়ে এনসিপির রূপরেখা: “অ্যাম্বুলেন্সেই শুরু হবে জরুরি সেবা” — ডা. তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট।।

‘টাকার অভাবে যেন আর কেউ বিনা চিকিৎসায় মারা না যায়’ — এই প্রতিশ্রুতি নিয়ে স্বাস্থ্যখাতে বড় ধরনের সংস্কারের অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও চিকিৎসক ডা. তাসনিম জারা বলেছেন, “আমরা এমন জরুরি চিকিৎসা-ব্যবস্থা গড়ে তুলব, যাতে অ্যাম্বুলেন্সেই চিকিৎসা শুরু হয়ে যায়। কারও জীবন আর অবহেলার শিকার হবে না।”

রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে’ এনসিপির ঘোষিত ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। জনস্বাস্থ্যকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার প্রত্যয়ে তিনি বলেন, “চিকিৎসাসেবা শুধু সবার অধিকার নয়, এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হওয়া উচিত।”

ডা. জারা জানান, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যাতে রোগ নির্ণয় আরও দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। অপ্রয়োজনীয় টেস্ট ও ভুল চিকিৎসা বন্ধে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী না হলে শহরমুখী চাপ কমবে না। তাই প্রতিটি ইউনিয়নে আধুনিক ও কার্যকর চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হবে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়া হবে।”

জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এনসিপির এই নেত্রী বলেন, “রাজধানীর বাইরে হৃদরোগ বা ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা এখনো স্বপ্ন। আমরা আঞ্চলিক বৈষম্য দূর করেই ছাড়ব।”

ডা. জারা বলেন, এনসিপি এমন একটি কল্যাণমুখী অর্থনীতির কথা বলছে, যেখানে শুধু কাজের সুযোগ নয়, সেই কাজ হবে মর্যাদাপূর্ণ এবং জীবনের মান উন্নয়নকারী। “মানুষ যেন শুধু বেঁচে থাকার জন্য নয়, সম্মানের সঙ্গে বাঁচার জন্য কাজ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”

নারীর রাজনৈতিক ও নীতিনির্ধারণী অংশগ্রহণকে নিশ্চিতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। বলেন, “নারীর রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমেই আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই।”

তারুণ্যের শক্তিকে এনসিপির আন্দোলনের চালিকা শক্তি হিসেবে বর্ণনা করে ডা. জারা বলেন, “এই বাংলাদেশ তরুণদের। তাদের স্বপ্ন আর ভেঙে যাবে না। তারা যেন রাজনীতি ও রাষ্ট্রগঠনের প্রতিটি স্তরে সক্রিয়ভাবে অংশ নেয়, সেটিই আমাদের অঙ্গীকার।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন