বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত, আহত ১ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট।।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে শনিবার (২ আগস্ট) আরও ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৭৯ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৩০ জনে। আহত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭২২ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। শুধু গতকালই ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন ৩৯ জন এবং আহত হয়েছেন ৮৪৯ জন। এ নিয়ে গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২২ জনে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল অভিমুখে হামলার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ১৫ মাসের বেশি সময় ধরে চলা এই অভিযানে একাধিক যুদ্ধবিরতি চেষ্টার পরেও সহিংসতা থামেনি।

এরই মধ্যে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে গাজা আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন